মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর ভয়াবহ ছোবলে বিপর্যস্ত হয় পরিবার ও সমাজ।মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সচেতন করার পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
রবিবার (২০ সেপ্টেম্বর) ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজে আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভা-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 'মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১১টায় কলেজের সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের আয়োজনে এবং আনন্দ মোহন কলেজের মাদকবিরোধী কমিটির সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, মাদকাসক্তির কারণে একজন মানুষের জীবন যেমন বিপর্যস্ত হয়, তেমনি এর নেতিবাচক প্রভাব পরিবার ও সমাজেও পড়ে।
তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, পরিবার ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম সামসুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্লাহ কাজল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মুহাম্মদ কবির হাসান পারভেজ। তিনি মাদকাসক্তির মানসিক ও শারীরিক ক্ষতি, তরুণদের ওপর এর নেতিবাচক প্রভাব এবং মাদক প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া সভায় কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আনন্দ মোহন কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।