​জনগণের কল্যাণই উন্নয়ন প্রকল্পের মূল লক্ষ্য: ডিসি সাইফুর রহমান

আপলোড সময় : ২০-০৯-২০২৬ , আপডেট সময় : ২০-০৯-২০২৬

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে উন্নয়ন প্রকল্পের গুণগত মান ও সময়ানুবর্তিতা নিশ্চিতের পাশাপাশি জনগণের কাছে প্রকল্পের সুফল পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। তিনি বলেন, সরকারি অর্থে নেওয়া কোনো প্রকল্প কাগজে-কলমে সীমাবদ্ধ রাখা যাবে না। বাস্তবায়নে সমস্যা হলে আন্তঃদপ্তর সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমাধান করতে হবে। 

রোববার (২০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ূসভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্প বাস্তবায়ন, জনসেবা ও সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। বিদ্যুৎ বিভাগ জানায়, গ্রিড থেকে লোড প্রাপ্তি সাপেক্ষে গড়ে ৭০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৭টার মধ্যে বিলবোর্ড ও লাইটিং এবং রাত ৮টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধে অভিযান চলছে।স্বাস্থ্য বিভাগ জানায়, গত মাসে ছয়টি মোবাইল কোর্টে ১০টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা এবং দুজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) জানায়, জেলার ১৪টি উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের প্রাক্কলন অনুমোদন হয়েছে। দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড জানায়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসে সেচ কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। 

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, ভালুকা, ফুলপুর, হালুয়াঘাট, গৌরীপুর, মুক্তাগাছা ও ত্রিশালে ২২৮টি কমিউনিটি পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের কাজ চলছে।মৎস্য বিভাগ জানায়, রং ও কীটনাশক মেশানো মাছ, ভেজাল মৎস্য খাদ্য ও নিম্নমানের অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। জেলা প্রশাসক বলেন, উন্নয়নের মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা। সরকারি অর্থের সদ্ব্যবহার, কাজের মান ও নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের দায়িত্বশীল হতে হবে। কোনো প্রশাসনিক বা কারিগরি প্রতিবন্ধকতা দেখা দিলে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে।সভায় ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :