মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী : বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোঃ মোস্তাকুর রহমান এফসিএমএ-এর সাথে রাজশাহী অঞ্চলের ব্যাংকারদের এক মতবিনিময় সভা আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে ‘ব্যাংকার্স ক্লাব রাজশাহী’। আগামী ২ অক্টোবর ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে রাজশাহী নগরীর সিটি হাট রোড সংলগ্ন তেরখাদিয়ার ‘ভিক্টোরিয়া কনভেনশন হল’-এ উক্ত সভাটি অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভা সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ব্যাংকার্স ক্লাব রাজশাহীর কার্যনির্বাহী কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি ও বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালকের সভাপতিত্বে এই সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, অনুষ্ঠানের ব্যয় নির্বাহের জন্য সদস্যভুক্ত প্রতি ব্যাংককে এককালীন ১৫,০০০ (পনের হাজার) টাকা আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে ব্যাংকার্স ক্লাব রাজশাহীর রূপালী ব্যাংক লিমিটেডের লক্ষ্মীপুর শাখা (হিসাব নং: ০৭০৭০১০০০২৯৯২) অ্যাকাউন্টে পে-অর্ডার, নগদ অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি ব্যাংক থেকে ব্যাংকার্স ক্লাবের সদস্য ছাড়াও অতিরিক্ত একজন কর্মকর্তা এই মতবিনিময় সভায় অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারী নির্বাহী ও কর্মকর্তাদের নির্দিষ্ট সময়ে (সন্ধ্যা ৭:৩০ মিনিট) ফরমাল পোশাকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
আজ (২৪ সেপ্টেম্বর ২০২৬) ব্যাংকার্স ক্লাব রাজশাহীর যুগ্ম সম্পাদক মোঃ ওমর শরীফ (ভাইস প্রেসিডেন্ট ও রিজিয়নাল হেড, এনসিসি ব্যাংক পিএলসি) এবং সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম (ডিজিএম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক)-এর যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাজশাহীতে কর্মরত বাংলাদেশ ব্যাংকসহ সকল তফসিলি ব্যাংকের আঞ্চলিক ও শাখা প্রধানদের এ বিষয়ে সার্বিক সহযোগিতার অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে বেশ কিছু ব্যাংকার জানান , গভর্নরের অনুষ্ঠানে প্রত্যেকটি ব্যাংকের থেকে ১৫ হাজার টাকা করে চাঁদাবাজি করলে তার পরিমাণ দাঁড়ায় ৪৩ টি ব্যাংক ×১৫ হাজার টাকা= ছয় লাখ ৪৫ হাজার টাকা । চিঠির মাধ্যমে একাউন্ট উল্লেখ করে এ ধরনের চাঁদাবাজি করার কোনো বৈধতা আছে কিনা টা নিয়ে জনগণের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে।