দুই মাসের আল্টিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

আপলোড সময় : ২৬-০৯-২০২৬ , আপডেট সময় : ২৬-০৯-২০২৬

তৈয়ব আলী সরকার, নীলফামারী : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেলস্টেশনে তিতুমীর এক্সপ্রেস ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের আপ-ডাউন যাত্রাবিরতি এবং ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবিতে এলাকাবাসী ও সাধারণ যাত্রীরা রেলপথ অবরোধ করে মানববন্ধন করেছেন।

টানা ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলনকারীরা দুই মাসের আল্টিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করলে প্রায় ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ রেলস্টেশন চত্বরে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় প্রায় দুই হাজারের অধিক মানুষজন এতে অংশ গ্রহন করেন।

অবরোধের কারণে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেন চিলাহাটিতে অবস্থান করে। এছাড়া খুলনা থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেন ডোমার স্টেশনে থামিয়ে রাখা হয়। ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে মিরজাগঞ্জ রেলস্টেশনে গুরুত্বপূর্ণ ট্রেনগুলোর যাত্রাবিরতি না থাকায় স্থানীয় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি ১ নম্বর প্ল্যাটফর্ম চালু না থাকায় যাত্রীসেবাও ব্যাহত হচ্ছে। এসব দাবির দ্রæত বাস্তবায়নের জন্য তারা আন্দোলনে নামেন।

পরে পার্বতীপুর রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী রাকিব হাসানের নেতৃত্বে রেলের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। এ সময় দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তারা। রেল কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলনকারীরা দুই মাসের আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেন।
এ সময় ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী (ইউএনও) ও ডোমার থানা পুলিশ উপস্থিত ছিলেন। অবরোধ প্রত্যাহারের পর দুপুরের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং আটকে থাকা ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :