ডিজেলের দাম কমাতে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ ভুক্ত দেশগুলো তাদের জ্বালানি মজুত থেকে ১০ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার বিষয়ে সম্মত হয়েছে। শুক্রবার এক ভিডিও কলের পর প্রকাশিত বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে যে, আগামী চার মাস ধরে ধাপে ধাপে এই মজুত তেল বাজারে ছাড়া হবে।
আন্তর্জাতিক শক্তি সংস্থার মাধ্যমে এই প্রক্রিয়াটি সমন্বয় করা হবে বলে জানিয়েছে বিবিসি।
যুক্তরাজ্যে প্রতি লিটার ডিজেলের গড় দাম এই প্রথমবার ২ পাউন্ড ছাড়িয়ে গেছে।
ইরানকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার শুরু থেকেই জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়েছে; ওই সময় গুরুত্বপূর্ণ নৌ-চলাচল পথ ‘হরমুজ প্রণালি’ দিয়ে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছিল।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার লক্ষ্যে সমন্বিত পদক্ষেপ চালিয়ে যেতে ফ্রান্স সম্মত হয়েছে। জি-৭ ভুক্ত দেশগুলো আগামী চার মাসের মধ্যে একে অপরকে ১০ কোটি ব্যারেল পর্যন্ত ডিজেল ও অপরিশোধিত তেল সরবরাহের পরিকল্পনা করেছে।
ম্যাক্রোঁ বলেছেন, “হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজের চলাচল বা সরবরাহ প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে সমন্বিত কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে।”
ম্যাক্রোঁ জানান, জি-৭ সদস্য দেশগুলো নিজেদের মধ্যে ডিজেল রপ্তানির ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ না করার বিষয়েও একমত হয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইউরোপ তাদের বিশাল পরিমাণ ডিজেল মজুত থেকে তাৎক্ষণিকভাবে তা বাজারে ছাড়ার বিষয়ে সম্মত হয়েছে।