তেহরানের প্রশিক্ষণকেন্দ্রে অস্ত্র চালানো শিখছেন নারীরাও

আপলোড সময় : ০৫-১০-২০২৬ , আপডেট সময় : ০৫-১০-২০২৬ ১১:২৩:৩৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানে বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তেহরানের একটি প্রশিক্ষণকেন্দ্রে নারীদেরও আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ নিতে দেখা গেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (৪ অক্টোবর) তেহরানের ইমাম হোসেইন স্কয়ারের একটি সামরিক প্রশিক্ষণকেন্দ্রে নারীরা এ প্রশিক্ষণে অংশ নেন। সামরিক কর্মকর্তা ও প্রশিক্ষকদের কাছ থেকে নানা নির্দেশনা নেওয়ার পর তাঁদের আগ্নেয়াস্ত্র, এমনকি হ্যান্ডগান চালানোর অনুশীলন করতে দেখা যায়।

এর আগে শনিবার (৩ অক্টোবর) তেহরানের হাফত-ই তির স্কয়ারে বেসামরিক নাগরিকদের জন্য নতুন একটি প্রশিক্ষণকেন্দ্র চালু করে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল স্থল হামলা চালালে তা মোকাবিলার প্রস্তুতি হিসেবেই এসব প্রশিক্ষণের ব্যবস্থা। ইমাম হোসেইন স্কয়ারেও আগে এমন একটি কেন্দ্র চালু করা হয়েছিল।

প্রশিক্ষণে অংশ নেওয়া ৪৫ বছর বয়সী রাহেলেহ ঘাদিরি জানান, যুদ্ধের সময় নিজের পরিবার ও এলাকার মানুষকে কীভাবে রক্ষা করতে হবে তা জানা থাকলে তাঁর ভয় কিছুটা কমবে।

রয়টার্স জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে সাত মাসের সংঘাত শুরু হয়। ৮ এপ্রিলের একটি যুদ্ধবিরতিতে ৪০ দিনের যুদ্ধের অবসান ঘটলেও এরপরও বিচ্ছিন্ন সংঘর্ষ চলতে থাকে।

সূত্রগুলোর ভাষ্য, যুক্তরাষ্ট্র আবার বড় ধরনের হামলা শুরু করলে ইরান আরও ব্যাপক ও শক্তিশালী জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

সূত্র: রয়টার্স

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :