চলতি বছরের অক্টোবরের প্রথম তিন দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৫৩৩ কোটি ৮০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি জানান, গত বছরের অক্টোবরের প্রথম তিন দিনে রেমিট্যান্স এসেছিল ৫ কোটি ৭০ লাখ ডলার।
চলতি অর্থবছরের সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, ১ জুলাই থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে ৮৭৯ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয়। গত অর্থবছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ৭৬৪ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ১০ শতাংশ।