জরুরি রক্ষণাবেক্ষণের কাজে সোমবার (৫ অক্টোবর) পর্যায়ক্রমে ৭ ঘণ্টা রাজশাহীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।
রবিবার (৪ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা ও বৈরী আবহাওয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখার স্বার্থে বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের ডালপালা কর্তনের জন্য সোমবার সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০টা এবং সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টা করে মোট ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর ১১ কেভি মিশন ফিডারের আওতাধীন হড়গ্রাম বাজার ভেড়ীপাড়া মোড়, পর্যটন মোটেল, টেনিস কমপ্লেক্স, মিশন হাসপাতাল, রাজপাড়া ও চন্ডিপুর এলাকায় বিদ্যুৎ থাকবে না।
আর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একই বিভাগের ১১ কেভি প্যারামেডিকেল ফিডারের আওতাধীন প্যারামেডিকেল, লক্ষ্মীপুর, কাজিহাটা, ল্যাবরেটরি স্কুলের পশ্চিম, লক্ষ্মীপুর বাগানপাড়া, চন্ডিপুর, রাজপাড়া থানা ও প্রেসক্লাবের গলি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে নেসকো কর্তৃপক্ষ।