তিন ফরম্যাটেই ভারত নারী ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন হারমানপ্রীত কৌর। এশিয়া কাপ ও এশিয়ান গেমসে দলকে শিরোপা এনে দেওয়ার পরই এ সিদ্ধান্ত নিলেন ৩৭ বছর বয়সী তারকা ব্যাটার।
২০১২ সাল থেকে ভারতের নেতৃত্বে আছেন হারমানপ্রীত; তিন ফরম্যাটে পূর্ণাঙ্গ দায়িত্ব পান ২০২২ সালে। নেতৃত্ব ছাড়লেও দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।
সোমবার গোয়াহাটিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নারী দলের সঙ্গে পর্যালোচনা বৈঠক করে। সেখানে হারমানপ্রীতের সঙ্গে ছিলেন সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা ও কোচ অমল মজুমদার। বেশ কিছুদিন ধরেই তাঁকে নেতৃত্ব থেকে সরানোর দাবি উঠছিল; বৈঠকের পরপরই সিদ্ধান্ত জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তায় সিদ্ধান্তটিকে কঠিন বলে উল্লেখ করেছেন হারমানপ্রীত। তিনি জানান, অধিনায়ক থাকার সময় নিজের পারফরম্যান্স, ব্যক্তিগত উন্নতি ও নানা আকাঙ্ক্ষার আগে দলের স্বার্থকেই রেখেছেন।
তাঁর ভাষ্য, নেতৃত্বে থেকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, যার সবগুলো সবাই বোঝেননি। তবে প্রতিটি সিদ্ধান্তের পেছনে উদ্দেশ্য ছিল একটিই— দলের উন্নতি। দলের কঠিন সময়, হতাশা, সমালোচনা ও সংশয়ের পাশাপাশি সাফল্যের মুহূর্তগুলোরও সাক্ষী তিনি।
দায়িত্ব ছাড়ার সময় নিজের ভূমিকা নিয়ে সন্তুষ্টির কথাও জানিয়েছেন হারমানপ্রীত। তাঁর বিশ্বাস, ভারতীয় নারী দল এখন ভালো অবস্থানে রয়েছে এবং তিনি দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছেন।
নেতৃত্বের অধ্যায় শেষ হলেও জাতীয় দলের হয়ে তাঁর পথচলা চলবে। হারমানপ্রীতের ভাষায়, ‘অধিনায়কত্বের অধ্যায় শেষ হতে পারে, কিন্তু ভারতীয় ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা কখনো শেষ হবে না। অধিনায়কত্বের অধ্যায় শেষ। তবে যাত্রা চলবে।’