কালিয়ায় পূর্ববিরোধের জেরে প্রাণ গেল আরাফাত মোল্যার

আপলোড সময় : ০৬-১০-২০২৬ , আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৭:০৬:২৫ অপরাহ্ন

নড়াইলের কালিয়া উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে আরাফাত মোল্যা (৩৯) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন। সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দেবদুন গ্রামে নিজ বাড়ির পাশে ঘটে এ ঘটনা।

নিহত আরাফাত মোল্যা দেবদুন গ্রামের মকিদুল মোল্যার ছেলে। স্থানীয়দের ভাষ্য, রাতে প্রতিপক্ষের কয়েকজন তাঁকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যান; এরপর দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয় তাঁকে।

খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা তাঁদের ওপরও চড়াও হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরাফাতকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহতের পরিবার ও স্বজনদের দাবি, জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন প্রতিপক্ষের লোকজন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী জানান, আরাফাতের বিরুদ্ধে মাদক, চুরি ও ডাকাতির অভিযোগে থানায় ১০টি মামলা রয়েছে এবং প্রতিপক্ষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বিরোধ চলছিল। প্রাথমিকভাবে পূর্ববিরোধ ও মাদক বেচাকেনা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :