একাদশে ভর্তি: দ্বিতীয় ধাপের ফল এল, নিশ্চায়নের শেষ সময় ৮ অক্টোবর

আপলোড সময় : ০৬-১০-২০২৬ , আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৭:০৬:৩১ অপরাহ্ন

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। আবেদনকারীদের নিবন্ধিত মোবাইল নম্বরে খুদে বার্তায়ও ফল পাঠানো হচ্ছে। নির্বাচিত শিক্ষার্থীরা ভর্তি-সংক্রান্ত নির্বাচন নিশ্চায়নের সুযোগ পাবেন আগামী ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত।

সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে একাদশ শ্রেণিতে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

ফল দেখতে একাদশ শ্রেণির ভর্তির অফিশিয়াল ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd) গিয়ে হোম পেজের ‘Result’ বাটনে ক্লিক করতে হবে। এরপর নির্ধারিত ঘরে রোল নম্বর, শিক্ষা বোর্ড, পাসের বছর ও রেজিস্ট্রেশন নম্বর ঠিকভাবে টাইপ করতে হবে।

স্ক্রিনে আসা সিকিউরিটি বা ভেরিফিকেশন কোডটি সঠিকভাবে লিখে ‘View Result’ বাটনে ক্লিক করলেই মনোনীত কলেজের নাম ও বিষয় দেখা যাবে।

ফল প্রকাশের পর থেকে ৮ অক্টোবর (শনিবার) রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চায়ন করা যাবে। এ সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৯ অক্টোবর রাত ৮টায়। আর দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন গ্রহণ শেষ হয় গত ১ অক্টোবর। এর আগে গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে দ্বিতীয় ধাপের আবেদন, ফল প্রকাশ, নির্বাচন নিশ্চায়ন ও ভর্তি কার্যক্রমের সময়সূচি জানানো হয়েছিল।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :