দিন যত যাচ্ছে, বিশ্বের নানা শহরে বায়ুদূষণ ততই বাড়ছে। এমন পরিস্থিতিতে দূষিত বাতাসের শহরের বৈশ্বিক তালিকায় আজ তিন নম্বরে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ১৭৩ স্কোর নিয়ে শহরটির বাতাসের মান নগরবাসীর জন্য ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের বুধবারের (৭ অক্টোবর) সূচকে এই চিত্র পাওয়া গেছে।
সংস্থাটির সূচক বলছে, এদিন দূষিত শহরের বৈশ্বিক তালিকায় সবার ওপরে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। ২১০ স্কোর নিয়ে শহরটির বাতাস নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে গণ্য হচ্ছে।
তালিকায় কুয়ালালামপুরের পরেই দ্বিতীয় অবস্থানে আছে সিঙ্গাপুর, যার স্কোর ১৭৬। তৃতীয় অবস্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। ভারতের দিল্লি ১৬৫ স্কোর নিয়ে চতুর্থ এবং পাকিস্তানের লাহোর ১৬৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ডে শূন্য থেকে ৫০ পর্যন্ত স্কোরকে বায়ুর ‘অনেক ভালো’ মান হিসেবে গণ্য করা হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে বলা হয় ‘মাঝারি বা সহনীয়’। আর ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।
অন্যদিকে ২০১ থেকে ৩০০ স্কোরের বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ ছাড়িয়ে গেলে তাকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।