খুলনায় বিএল কলেজের গেট এলাকায় ভোরে যুবককে গুলি করল দুর্বৃত্তরা

আপলোড সময় : ০৭-১০-২০২৬ , আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৫:১২:৪৮ অপরাহ্ন

খুলনার দৌলতপুরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মহিদুল ইসলাম (২২) নামের এক যুবক আহত হয়েছেন। সরকারি বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় বুধবার (৭ অক্টোবর) ভোর ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে তিনি গুলিবিদ্ধ হন।

সকাল পৌনে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় মহিদুলকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বাবার নাম শওকত খাঁ, বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চৌগাছা এলাকায়। খুলনা নগরীর উত্তর কাশিপুর এলাকায় বর্তমানে বসবাস করেন তিনি; কাজ করেন একটি তেলের ডিপোতে গাড়ি পরিষ্কারের।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, মহিদুল ভোরে বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকার একটি হোটেলে নাশতা করতে গিয়েছিলেন। খানিক পরেই ৮ থেকে ১০ জন যুবক তাঁকে চারদিক থেকে ঘিরে ধরে। একপর্যায়ে তারা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিতে মহিদুলের পেটে গুরুতর জখম হয়।

এরপর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রের তথ্যমতে, গুলি তাঁর শরীর ভেদ করে বেরিয়ে গেছে। হাসপাতালের সার্জারি বিভাগের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে তাঁকে ভর্তি রাখা হয়েছে। তাঁর অবস্থা গুরুতর।

আহত মহিদুলের ভাই শহিদুল জানান, ‘আমার ছোট ভাই বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় গুলিবিদ্ধ হয়েছে। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারছি না।’

এ বিষয়ে দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাক জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে চিকিৎসাধীন মহিদুলের সঙ্গে কথা বলে ঘটনার কারণ ও হামলাকারীদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। তবে এ মুহূর্তে ঘটনার বিস্তারিত বলা যাচ্ছে না।’

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :