প্রধানমন্ত্রী স্বর্ণপদকের চূড়ান্ত তালিকায় নোবিপ্রবির সাত শিক্ষার্থী

আপলোড সময় : ০৭-১০-২০২৬ , আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৫:১২:৪৮ অপরাহ্ন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাত শিক্ষার্থী উচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পেতে যাচ্ছেন। ২০১৯ ও ২০২০ শিক্ষাবর্ষের জন্য যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে বিশ্ববিদ্যালয়টির এই সাতজনের নাম রয়েছে। অবশ্য ২০২১ শিক্ষাবর্ষের তালিকায় নোবিপ্রবির কোনো শিক্ষার্থী জায়গা পাননি।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর আগে গত ৫ অক্টোবর ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মোট ৪৬৯ জন মেধাবী শিক্ষার্থীর তালিকা প্রকাশ করে। এই তালিকায় নোবিপ্রবির ২০১৯ শিক্ষাবর্ষের তিনজন ও ২০২০ শিক্ষাবর্ষের চারজন শিক্ষার্থী আছেন।

ইউজিসির তালিকায় দেখা যায়, ২০১৯ শিক্ষাবর্ষে স্বর্ণপদকের জন্য মনোনয়ন পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শুভদ বাবু সেন অমিত, অর্থনীতি বিভাগের নাজমুল হাসান ও কৃষি বিভাগের বেলায়েত হোসেন।

আর ২০২০ শিক্ষাবর্ষে মনোনয়ন পাওয়া চারজন হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শতাব্দী রায় মুন, অর্থনীতি বিভাগের রাজিয়া সুলতানা, ব্যবসায় প্রশাসন বিভাগের মোসাররা চৌধুরী ও কৃষি বিভাগের মো. ইশতিয়াক হোসেন জয়।

এই সাত শিক্ষার্থীর অর্জনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের মতে, ভবিষ্যতে উচ্চশিক্ষা, গবেষণা ও কর্মজীবনে আরও ভালো করার ক্ষেত্রে এ সাফল্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০০৫ সাল থেকে কৃতী গ্র্যাজুয়েটদের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ দিয়ে আসছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় আরও উৎসাহ জোগাতেই এ পদক দেওয়া হয়।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :