দেবদত্ত মুৎসুদ্দী, রাঙামাটি: রাঙামাটিতে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া বিকাশের টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আজ ০৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার সকাল ১১টায় রাঙামাটির রিজার্ভ বাজার মসজিদ মার্কেটস্থ ১৮ এপিবিএন-এর কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ও অর্থ হস্তান্তর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, রাঙামাটির অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-অধিনায়ক মোঃ এনায়েত করিম, পিপিএম-সেবা। এছাড়া ১৮ এপিবিএন-এর পুলিশ পরিদর্শকবৃন্দ ও সাইবার ক্রাইম সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।
গত সেপ্টেম্বর/২০২৬ মাসে ১৮ এপিবিএন সর্বমোট ৪২৭টি সাধারণ ডায়েরি (জিডি) নিয়ে নিবিড়ভাবে কাজ করেছে। তথ্য-প্রযুক্তি ও সাইবার ক্রাইম সেলের আপ্রাণ চেষ্টায় অর্জিত উল্লেখযোগ্য সাফল্যগুলো হলো:
দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া সর্বমোট ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করে আজ প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়। বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭,০০০ টাকা উদ্ধার করে সঠিক মালিককে ফেরত দেওয়া হয়েছে।
আধুনিক প্রযুক্তিগত ট্র্যাকিংয়ের মাধ্যমে ২ জন নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কার্যকরী সহায়তা প্রদান করা হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ১ জন নাগরিককে জরুরি সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অধিনায়ক মোঃ রেজাউল করিম বলেন, "জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সম্পত্তি রক্ষা করা আমাদের প্রধান দায়িত্ব। বর্তমান যুগে ডিজিটাল প্ল্যাটফর্মে ও মোবাইল সংক্রান্ত অপরাধ দমনে ১৮ এপিবিএন-এর সাইবার ক্রাইম সেল নিরলস কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে সাধারণ মানুষের সেবা প্রাপ্তি আরো সহজ ও দ্রুত করতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।"
হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফোন এবং ভুলবশত পাঠানো টাকা ফেরত পেয়ে উপস্থিত সাধারণ নাগরিকরা ১৮ এপিবিএন-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাইবার ক্রাইম সেলের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।