পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আপলোড সময় : ১১-১০-২০২৬ , আপডেট সময় : ১১-১০-২০২৬ ০১:৪৮:৪২ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আমেরিকার দেশ পানামায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়ার খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পের পর বেশ কয়েকটি শক্তিশালী পরকম্পন অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, প্রায় ৪৬ লাখ মানুষ মাঝারি থেকে তীব্র কম্পন অনুভব করেছেন। ভূমিকম্পটির প্রভাব ব্যাপক হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টার ঠিক আগে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল দক্ষিণ-মধ্য পানামার পিতালোজা আর্রিবা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১২ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে পেনোনোমে ও সোনা শহরে ভবন ধসে পড়ার দৃশ্য দেখা গেছে। একটি ভিডিওতে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া কাউকে ডাকতে দেখা যায় এক ব্যক্তিকে। যাচাইকৃত আরেকটি ভিডিওতে পেনোনোমে শহরের একটি ক্যাথেড্রালের এক পাশ ও একটি চূড়া ধসে পড়তে দেখা গেছে। স্থানীয় একটি হোটেলও প্রায় পুরোপুরি ধসে পড়েছে বলে আরেকটি ভিডিওতে দেখা যায়।

দক্ষিণাঞ্চলীয় হেরেরা প্রদেশের বাসিন্দা রিকার্ডো ব্রাউন বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ভূমিকম্পে লাস মিনাস এলাকায় তাঁর কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭৪ বছর বয়সী ব্রাউন বলেন, ‘আমরা আতঙ্কিত। এখানে আমরা দুজন বৃদ্ধ মানুষই থাকি। বাড়িটিতে ফাটল ধরেছে এবং আমাদের ভয় হচ্ছে, এটি যেকোনো সময় আমাদের ওপর ধসে পড়তে পারে।’

ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো স্পষ্ট নয়। তবে মূল কম্পনের পর ওই এলাকায় বেশ কয়েকটি শক্তিশালী পরকম্পন অনুভূত হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে রাজধানী পানামা সিটিতে অনেক মানুষকে ভবন থেকে সরিয়ে নেওয়া হয়। কম্পন থামা পর্যন্ত তাঁদের রাস্তায় ও আশপাশের পার্কে অবস্থান করতে দেখা যায়। রাজধানীতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সেখানে মূলত ছাদ থেকে ধ্বংসাবশেষ খসে পড়ার কারণে কিছু ক্ষতি হয়েছে।

পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো জানিয়েছেন, ভূমিকম্প মোকাবিলায় তার পুরো সরকার কাজ করছে। যা ঘটেছে, তা যেন আতঙ্ক বা বিশৃঙ্খলা সৃষ্টির কাজে ব্যবহার করা না হয়।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :