একা থাকলেও নিঃসঙ্গ নন ডলি জহুর

আপলোড সময় : ১১-১০-২০২৬ , আপডেট সময় : ১১-১০-২০২৬ ০১:৪৮:৪৭ অপরাহ্ন

দেশের অভিনয়জগতের পরিচিত মুখ ডলি জহুর। কয়েক দশকের দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য নাটক ও সিনেমায় অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। বয়স সত্তর পেরোলেও অভিনয়ে এখনো সক্রিয় এই অভিনেত্রী। তবে ব্যক্তিগত জীবনে কাছের মানুষদের হারানো, একা থাকা এবং জীবনের অনিশ্চয়তা নিয়ে তাঁর ভাবনা সম্প্রতি উঠে এসেছে একটি পডকাস্টের আলাপচারিতায়।

ওই পডকাস্টে ডলি জহুর জানান, পরিবারের একাধিক সদস্য ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তাঁর মা, স্বামী, বড় ও ছোট বোন—অনেককেই এই রোগের কারণে হারিয়েছেন তিনি। বড় বোনের মৃত্যুর সময় অস্ট্রেলিয়ায় ছিলেন এই অভিনেত্রী। তবে ছোট বোনের অসুস্থতার সময় তাঁর পাশে ছিলেন এবং নিজের সামনেই বোনকে শেষবারের মতো দেখেছেন।

পরিবারের সদস্যদের হারানোর পরও কীভাবে সবার পাশে থেকেছেন, সঞ্চালকের এমন কথার জবাবে ডলি জহুর বলেন, সবকিছু তাঁর নিজের হাতে ছিল না। সৃষ্টিকর্তার ইচ্ছাতেই জীবনের ঘটনাগুলো ঘটেছে বলে বিশ্বাস করেন তিনি। একা থাকেন বলে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও প্রতিবেশীরা প্রায়ই তাঁর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁদের প্রশ্ন, অসুস্থ হলে বা কোনো বিপদে পড়লে তাঁর পাশে কে থাকবেন?

এমন প্রশ্নে ভয় পান না ডলি জহুর। তিনি বলেন, জীবনে যা ঘটেছে, তা তিনি নিজে ঘটাননি। ভবিষ্যতেও যা ঘটবে, তা সৃষ্টিকর্তার ইচ্ছাতেই হবে। তাঁর বিশ্বাস, যিনি এত দিন তাঁকে সবার পাশে থাকার সুযোগ দিয়েছেন, তিনি নিশ্চয়ই তাঁর প্রতিও মমতা রাখবেন। তাই ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করতে চান না এই অভিনেত্রী।

সত্তরের দশকের মাঝামাঝি জহুরুল হকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ডলি জহুর। তাঁদের একমাত্র ছেলে রিয়াসাত স্ত্রীকে নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করেন। ২০০৬ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান জহুরুল হক। এরপর থেকেই একা থাকছেন এই অভিনেত্রী।

তবে একা থাকলেও নিজেকে নিঃসঙ্গ মনে করেন না ডলি জহুর। পডকাস্টে নিজের দৈনন্দিন জীবনের কথা জানিয়ে তিনি বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং সময় পেলে ইবাদতে মনোযোগ দেন। এরপর মোবাইল ফোনে পরিচিতদের সঙ্গে কথা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে খবরাখবর রাখেন। টেলিভিশন দেখা একেবারেই কমিয়ে দিয়েছেন তিনি। বরং মোবাইল ফোন বা ট্যাবে ইউটিউবে নাটক দেখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।

আলাপচারিতায় অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা নিয়েও প্রশ্ন করা হয় তাঁকে। জবাবে ডলি জহুর জানান, এ নিয়ে তাঁর কোনো ভয় নেই। অসুস্থ হবেন কি না, তা সৃষ্টিকর্তাই জানেন বলে মনে করেন তিনি। তাঁর বিশ্বাস, আল্লাহ তাঁকে অযথা কষ্টের মধ্যে ফেলবেন না। সৃষ্টিকর্তার ওপর এই আস্থা নিয়েই নিজের মতো করে জীবন কাটাচ্ছেন বরেণ্য এই অভিনেত্রী।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :