সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচারণা এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে রাজধানী থেকে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (১২ অক্টোবর) রাতে রাজধানীর পল্লবী ও বনানী থানার ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা (৪৩) ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ (৪৭)।
ডিএমপির উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা তাঁদের সহযোগীদের নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী প্রচারণা চালাতেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রচার এবং অবৈধ অর্থায়নের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার সঙ্গেও তাঁদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ‘ইউনিটি কেয়ার পাবলিক পার্লামেন্ট’ (Unity Care Public Parliament) নামের একটি প্ল্যাটফর্ম এবং ‘কালআজকাল.কম’ নামের একটি পেজ ব্যবহার করে তাঁরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ডিবি সূত্রের বরাতে আকতার হোসেন বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গ্রেপ্তার ব্যক্তিরা তাঁদের সহযোগীদের নিয়ে সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এবং উসকানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।