তুরস্কে বাস-টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

আপলোড সময় : ১৩-১০-২০২৬ , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১১:২১:১৩ পূর্বাহ্ন

পশ্চিম তুরস্কে পর্যটকবাহী বাসের সঙ্গে একটি টো-ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। দুর্ঘটনার পর বাসচালককে আটক করেছে পুলিশ। রোববার সকালে মানিসা প্রদেশের একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মানিসার গেবজে-ওরহানগাজি-ইজমির মহাসড়কের আখিসার এলাকার টোল বুথের কাছে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রাদেশিক গভর্নরের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১১টার পরপরই দুর্ঘটনার খবর পায় কর্তৃপক্ষ।

আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলোতে নেওয়া হয়। আহতদের মধ্যে বাসচালকও ছিলেন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাঁকে আটক করে পুলিশ।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তফা চিফচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় হতাহতদের দেশের নাগরিক বলে উল্লেখ করেছেন। তবে তাঁদের মধ্যে কোনো বিদেশি নাগরিক ছিলেন কি না, তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করে। এ সময় মানিসার গভর্নর ভাহদেত্তিন ওজকান ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি বলেন, পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ের সমন্বয়ে ঘটনাস্থলে কার্যক্রম চলছে। ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি অত্যন্ত বেদনাদায়কভাবে উপলব্ধি করতে হচ্ছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :