রংপুরের সড়ক ও অবকাঠামো উন্নয়নে ১,৮১৩ কোটি টাকার প্রকল্প

আপলোড সময় : ১৪-১০-২০২৬ , আপডেট সময় : ১৪-১০-২০২৬ ১১:৫৯:৫৬ পূর্বাহ্ন

রংপুর সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনে ১ হাজার ৮১৩ কোটি টাকার দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে। তবে প্রকল্প দুটির কাজ এখনই শুরু হচ্ছে না। অর্থ ছাড় পেতে আরও তিন থেকে চার মাস সময় লাগতে পারে। অর্থ ছাড়ের পর কাজ শুরু হবে এবং প্রতি দুই মাস পরপর প্রকল্পের অগ্রগতি নগরবাসীকে জানানো হবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন।

সোমবার সন্ধ্যায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন চত্বরে ‘রংপুর নগরবাসী’র ব্যানারে আয়োজিত ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাঁর বক্তব্যের পর অনুষ্ঠানে উপস্থিত নগরবাসী আনন্দ প্রকাশ করেন।

প্রশাসক ডন বলেন, প্রকল্পের অর্থ ছাড় পেতে ন্যূনতম তিন থেকে চার মাস সময় লাগতে পারে বলে তাঁরা আশা করছেন। অর্থ ছাড় হলে বাস্তবায়নের কাজ শুরু হবে। তাই পরদিন থেকেই নগরীর উন্নয়নকাজ শুরু হয়ে যাবে, এমনটা ভাবার কারণ নেই। তবে কাজ শুরু হওয়ার পর প্রতি দুই মাস অন্তর অগ্রগতির তথ্য জনগণকে জানানো হবে।

নগর উন্নয়নে নাগরিকদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সরকার নাগরিকদের কাছ থেকে কর আদায় করে। সেই অর্থ দিয়ে নাগরিকদের জীবনমান উন্নয়ন ও বিভিন্ন নাগরিক সুবিধা নিশ্চিত করা হয়। নগরবাসী নিয়মিত কর দিলে সিটি করপোরেশনের আয় বাড়বে এবং নাগরিকদের আরও বেশি সেবা দেওয়া সম্ভব হবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :