মাহমুদুর রহমান (তুরান) ফরিদপুর : জনগণের ভোটে নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতে পতিত দোসররা নানাভাবে নাশকতামূলক কর্মকাণ্ড ও ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এসব কর্মকাণ্ডের বিষয়ে দেশের মানুষকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ সকাল ১১টায় ফরিদপুরের চরভদ্রাসনে গাজীরটেকে কৃষক দলকেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আলমগীর কবিরের বাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মোঃ লকাই বিশ্বাস এর জন্য নির্মিত বাড়ির চাবি হস্তান্তর, চিকিৎসা সহায়তা ও কর্মসংস্থান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভারত থেকে পতিত সরকারের দোসরা ষড়যন্ত্র জাল বিস্তার করে ষড়যন্ত্র শুরু করেছে। গত কয়েকদিন আগে বিদেশের মাটিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনূসের উপর নেক্কারজনকভাবে অপমান করা হয়েছে। এতে দেশের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়ায় আপনারা একটি বার ভেবে দেখুন।
ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সাধারণ সম্পাদক একেএম কিবরিয়া স্বপন সহ অন্যরা। পরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মোঃ লকাই বিশ্বাস এর জন্য নির্মিত বাড়ির চাবি হস্তান্তর, চিকিৎসা সহায়তা ও কর্মসংস্থান এর সেলাই মেশিন বিতরণ করেন।