মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী : রাজশাহী মহানগরী ও জেলার সার্বিক উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ, আবাসন ব্যবস্থার উন্নয়ন এবং সরকারি উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে বিভাগীয় ও জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহীতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী জাকারিয়া তাহের এমপি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম এবং জেলার পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ। এ ছাড়া বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ও গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় রাজশাহী মহানগরী ও জেলার উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে পরিকল্পিত নগরায়ণ, আবাসন খাতের উন্নয়ন, অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণ এবং সরকারি উন্নয়ন প্রকল্পগুলোর কার্যকর ও যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করা হয়। একই সঙ্গে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান সমস্যা ও প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
নগরবাসীর নাগরিক সেবা সহজ ও জনবান্ধব করা, অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা এবং সরকারি সেবার মান বাড়ানোর বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়। উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে জনসাধারণের প্রয়োজন, নাগরিক সুযোগ-সুবিধা এবং দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনাকে গুরুত্ব দেওয়ার ওপর আলোচনা হয়।
সভায় রাজশাহী মহানগরীকে একটি আধুনিক, পরিকল্পিত, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, আবাসন ব্যবস্থার উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে মতবিনিময় করা হয়।
সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানো এবং রাজশাহীর সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করার বিষয়টি সভার আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।