বিয়ে নিয়ে কোনো চাপ নেই হিমির

আপলোড সময় : ১৫-১০-২০২৬ , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৯:৩৫:৩৮ অপরাহ্ন

বিয়ে নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো চাপ নেই ছোট পর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির ওপর। নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার বিষয়ে মা-বাবার কাছ থেকে পূর্ণ স্বাধীনতা পেয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে এ কথা জানান অভিনেত্রী। অন্যদিকে, দীর্ঘ বিরতির পর আবারও ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেছেন তিনি।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে হিমি বলেন, মা-বাবা সব সময়ই বিয়ের বিষয়ে তাঁকে স্বাধীনতা দিয়েছেন। কারণ, বিয়ে ভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা কার ভাগ্যে কী লিখে রেখেছেন, তা আগে থেকে জানা সম্ভব নয়। পরিবারের কাছ থেকে এ বিষয়ে কোনো চাপ না থাকায় নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি।

গত ৪ অক্টোবর ছিল হিমির জন্মদিন। নতুন কাজ ও অভিনয়ের ব্যস্ততার মধ্য দিয়েই সময় কাটছে তাঁর। ক্যারিয়ারের শুরুতে কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করলেও পরবর্তী সময়ে একক নাটকেই বেশি মনোযোগী হন এই অভিনেত্রী। তবে দীর্ঘ বিরতির পর আবারও ধারাবাহিকে ফিরেছেন তিনি।

তানভীর তন্ময় পরিচালিত ‘প্রথম প্রেমের গল্প’ ধারাবাহিকে অভিনয় করছেন হিমি। ধারাবাহিকে ফেরা প্রসঙ্গে অভিনেত্রী জানান, কত দিন পর আবার এ ধরনের নাটকে অভিনয় করছেন, তা তাঁর ঠিক মনে নেই। অনেক সময় কোনো একক নাটক জনপ্রিয় হলে দর্শকেরা এর পরবর্তী পর্ব দেখার আগ্রহ প্রকাশ করেন। দর্শকদের সেই আগ্রহের বিষয়টি মাথায় রেখেই ‘প্রথম প্রেমের গল্প’ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

নির্মাতা তানভীর তন্ময়ের পরিচালনায় ধারাবাহিকটি দর্শকদের চাহিদা ও আগ্রহ বিবেচনা করে তৈরি করা হয়েছে। গত ১২ অক্টোবর থেকে প্রতি সোম ও মঙ্গলবার এনএএফ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে নাটকটির নতুন পর্ব।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :