চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে দেড় বিঘা জমির টমেটো গাছ উপড়ে ফেলা এবং প্রায় এক লাখ টাকা মূল্যের কাটিমন আম চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন কৃষক রাজু আলী (২৫)।
বৃহস্পতিবার থানায় দায়ের করা অভিযোগে রাজু আলী উল্লেখ করেন, উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামে একটি মেডিকেলের পেছনে তাঁর চাষাবাদ করা জমিতে এ ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে জমিটি নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে তাঁর বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একাধিক মামলা হয়েছে এবং আদালত তাঁর পক্ষে রায় ও ডিক্রি দিয়েছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে। এরপর থেকে তিনি জমিটি ভোগদখল করে আসছেন।
অভিযোগ অনুযায়ী, গত ১৪ অক্টোবর রাত ৮টা থেকে ১৫ অক্টোবর সকাল ৬টার মধ্যে যেকোনো সময় অভিযুক্ত ব্যক্তিরা জমিতে প্রবেশ করে দেড় বিঘা জমির ফুল ধরা টমেটো গাছ উপড়ে ফেলেন। এতে আনুমানিক চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন রাজু আলী। একই সঙ্গে জমিতে রাখা প্রায় ২০ ক্যারেট কাটিমন আম, যার আনুমানিক মূল্য এক লাখ টাকা, চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন তিনি।
রাজু আলী জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে জমির পরিচর্যা করতে গিয়ে তিনি টমেটো গাছগুলো উপড়ে ফেলা অবস্থায় দেখতে পান। এ সময় জমির আমগাছ থেকে কাটিমন আম পেড়ে নিয়ে যাওয়ার বিষয়টিও তাঁর নজরে আসে। পরে স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনা করে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগে বোয়ালিয়া চামাড়পাড়া গ্রামের মৃত তাইরু মন্ডলের ছেলে মো. ঝালু (৬০) এবং বৈরতলা গ্রামের মৃত ইসরাইলের ছেলে মো. রমজান আলী (৫০)-এর নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের সঙ্গে অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।
রাজু আলী ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।