নাটোরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন

আপলোড সময় : ১৬-১০-২০২৬ , আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৯:০৪:১২ পূর্বাহ্ন

নাটোরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। ‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্যে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে শোভাযাত্রাও বের করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আবিদা সিফাতের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. আসমা খাতুন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ, স্পেশালিস্ট মেন্টাল হেলথ সাইকোসোশ্যাল সাপোর্টের মো. মাইন উদ্দিন, সিনিয়র অফিসার ইএসআই মো. মফিজ উদ্দিন, এনজিও আলো নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা এবং উপজেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাস। এ সময় রিনা বেগমসহ বিভিন্ন উপজেলা থেকে আসা প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের মূল লক্ষ্য হলো দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, নিরাপত্তা ও সক্ষমতা সম্পর্কে জনসচেতনতা বাড়ানো। তাঁদের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও প্রতিবন্ধীবান্ধব সমাজ গড়ে তোলাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। দৃষ্টির সীমাবদ্ধতাকে প্রতিবন্ধকতা হিসেবে না দেখে তাঁদের সম্ভাবনা, সক্ষমতা ও সমান অধিকারের ভিত্তিতে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন তাঁরা।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :