ময়মনসিংহে ডেঙ্গু নিয়ে উত্তাপ, মসিক প্রশাসকের ‘ঘুম ভাঙাতে’ প্রতিবাদ

আপলোড সময় : ১৬-১০-২০২৬ , আপডেট সময় : ১৬-১০-২০২৬

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের দাবিতে সিটি কর্পোরেশন প্রশাসকের ‘ঘুম ভাঙাতে’ প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক সমাজ। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

গতকাল বিকেল ৩টায় নগর ভবনের সামনে ‘চলমান ডেঙ্গু পরিস্থিতিতে প্রশাসকের ঘুম ভাঙানো কর্মসূচি’ শীর্ষক এ প্রতিবাদ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এনসিপির ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়ক, ন্যাশনাল প্রেস সোসাইটির (এনপিএস) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ.টি.এম. মাহবুব উল আলম। 

তিনি বলেন, ‘ময়মনসিংহের মানুষ ডেঙ্গুতে মারা যাবে, আর প্রশাসক নিশ্চিন্তে ঘুমাবেন-এটা হতে পারে না। প্রশাসককে শান্তিতে ঘুমাতে দেব না, বিভিন্ন কর্মসূচি দিয়ে ঘুম ভাঙিয়ে দেব।’

অ্যাডভোকেট মাহবুব উল আলম বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু জনসচেতনতা যথেষ্ট নয়; মশার বংশবিস্তার রোধ, নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান জোরদার করতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ডেঙ্গুর টিকা আনার বিষয়েও সরকারি উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য তানজিয়া শান্তা সিটি কর্পোরেশন প্রশাসকের ভূমিকার সমালোচনা করেন। তাঁর অভিযোগ, প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতার কথা তুলে ধরলেও সিটি কর্পোরেশন এলাকার পরিস্থিতি নিয়ে যথাযথ গুরুত্ব দিচ্ছেন না। 

তিনি আরও অভিযোগ করেন, পরিস্থিতির দায় বিভাগীয় পর্যায়ে ঠেলে দিয়ে প্রশাসক মূল সমস্যা আড়াল করার চেষ্টা করছেন। জনগণের সেবা নিশ্চিত করতে না পারলে এ পদে দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন উঠবে বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপির ময়মনসিংহ জেলা কমিটির সদস্যসচিব জসিম উদ্দিন বলেন, সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে বলে তাঁরা দাবি করছেন। এ পরিস্থিতিতে নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় প্রশাসককে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। কর্মসূচিতে এনসিপির ময়মনসিংহ জেলা পর্যায়ের নেতাকর্মী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

প্রতিবাদ কর্মসূচি থেকে নিয়মিত মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান জোরদার ও মশার প্রজননস্থল ধ্বংসের দাবি জানানো হয়। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অপেক্ষায় রয়েছেন নগরবাসী।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :