গাউছ-উর রহমান, মাদারীপুর : মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, দেশের হিন্দু ভাইয়েরা অন্য যেকোনো সময়ের তুলনায় বর্তমানে অনেক বেশি আনন্দ,সুখ ও শান্তিতে বসবাস করছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাহাদুরপুর চিন্তাহরণ সরকারবাড়ি দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী উদ্যোগ তুলে ধরে খোকন তালুকদার আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে মাত্র দুই বছর সময় দিন। যখন সবার ঘরে অনুদানের সহায়তা পৌঁছে যাবে এবং সবাই ফ্যামিলি কার্ড হাতে পাবেন, তখন বুঝতে পারবেন এই আড়াই হাজার টাকা সাধারণ মানুষের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। যাদের মাসিক কোনো আয় নেই, তাদের জন্য এই আড়াই হাজার টাকাও অনেক বড় প্রাপ্তি বলে আমরা বিশ্বাস করি।
অনুষ্ঠান শেষে মাদারীপুর-৩ আসনের অন্তর্গত সদর উপজেলার কেন্দুয়া, মস্তফাপুর, ঘটমাঝি, ঝাউদী, খোয়াজপুর এই ৫ টি ইউনিয়নের ৩৯ টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।
উক্ত অনুষ্ঠানে শ্রী অজয় কৃষ্ণ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মর্তুজা আলম ঢালী, জেলা বিএনপির আহবায়ক সদস্য গাউছ-উর রহমান, জেলা যুবদলের আহবায়ক মোঃ ফারুক বেপারী, বিএনপি নেতা রফিক মাতুব্বর, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মাসুদ পারভেজ, কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রায়হান কবির, সাবেক চেয়ারম্যান মোঃ মজিবর রহমান মাতুবৃবর প্রমুখ।