কুষ্টিয়ার খোকসা উপজেলার কাদিরপুর গ্রামে রাতের অন্ধকারে বিএনপি নেতা ও তাঁদের স্বজনদের তিনটি বসতঘরের মূল ফটকে (সদর দরজা) তালা ঝুলিয়ে দিয়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। একই রাতে শিক্ষকসহ একাধিক নেতার বাড়িতে এমন সন্ত্রাসী রানার ঘটনায় স্থানীয় অধিবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক ও চরম নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে ও সরেজমিনে জানা গেছে, কাদিরপুর গ্রামের ১ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী, শ্রমিক দলের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম এবং শিক্ষক মো. নাসির মাস্টারের বসতবাড়ির প্রধান ফটকে রাতের কোনো এক সময়ে বাহির থেকে তালা লাগিয়ে দিয়ে কেটে পড়ে দুর্বৃত্তরা। ভুক্তভোগীরা ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করে জানান, “রাতের অন্ধকারে কে বা কাহারা এই তালা মেরে রেখে গেছে, আমরা কিছুই দেখতে পাইনি। সকালে ঘুম থেকে উঠে গেটে তালা ঝুলতে দেখে আমরা হতবাক হয়ে পড়ি। বর্তমানে পরিবার-পরিজন নিয়ে আমরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।”
এ ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারগুলো নিজেদের নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের চিহ্নিত করা এবং এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ও সুবিচারের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ প্রার্থনা করেছেন তাঁরা।