ইউক্রেনে রাশিয়ার হামলায় ৮ জন নিহত, বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ

আপলোড সময় : ১৮-১০-২০২৬ , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ১১:৫২:৩৭ পূর্বাহ্ন

ইউক্রেনে রাশিয়ার হামলায় অন্তত আটজন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। শুক্রবার নয়টি অঞ্চলে চালানো এসব হামলায় দুটি শপিং সেন্টারসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ১০ লাখের বেশি মানুষ।

ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলা জোরদার করার অংশ হিসেবে খারকিভ, ক্রামাতোরস্ক, ভোলিন ও রিভনে অঞ্চলে হামলা চালিয়েছে রাশিয়া।

খারকিভের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানান, পূর্বাঞ্চলীয় শহরটির তিনটি জেলায় হামলায় ৭১ বছর বয়সী এক নারী ও ৫৮ বছর বয়সী এক পুরুষ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।দোনেৎস্ক অঞ্চলের সম্মুখসারির শহর ক্রামাতোরস্কে দুজন এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে আরও দুজন নিহত হয়েছেন।

পোল্যান্ড সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভোলিন অঞ্চলে একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় ড্রোন হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর রোমান রোমানিউক।

কিয়েভ থেকে পোল্যান্ডগামী প্রধান সড়কের ওপর অবস্থিত কোভেল শহরে ড্রোন হামলায় একটি কাস্টমস টার্মিনালে আঘাত হানে। এতে প্রায় ১০টি ট্রাকে আগুন ধরে যায়।

রিভনের গভর্নর ওলেক্সান্দ্র কোভাল জানান, শহরটিতে ড্রোন হামলায় একটি বড় শপিং সেন্টারসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। সম্মুখসারির কাছাকাছি সুমি শহরের একটি শপিং সেন্টারেও হামলা চালানো হয়েছে।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার বিদ্যুৎহীন হয়ে পড়া ১০ লাখের বেশি মানুষের কাছে মেরামতকারী দলগুলো পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করেছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :