নীতীশের পাশে দাঁড়াতে ৯ হত্যাকাণ্ডের ব্যবস্থা করেছিলাম

আপলোড সময় : ১৮-১০-২০২৬ , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ১১:৫২:৩৯ পূর্বাহ্ন

ভারতের বিহারের রাজনীতিতে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছেন জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) বিধায়ক অনন্ত কুমার সিং। তিনি দাবি করেছেন, সাবেক মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে রাজনৈতিকভাবে সহায়তা করতে গিয়ে তিনি নয়টি হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিলেন। তবে পরে নিজের বক্তব্য প্রত্যাহার করে এসব হত্যাকাণ্ডের জন্য লালু প্রসাদ যাদবের শাসনামলকে দায়ী করেন তিনি।

আসন্ন বিধান পরিষদ নির্বাচনে নিজের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নীরজ কুমারকে প্রার্থী করায় জেডিইউ নেতৃত্বের ওপর ক্ষুব্ধ ছিলেন অনন্ত সিং। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে নীরজ কুমারকে আক্রমণ করেন তিনি। একই সঙ্গে নীতীশ কুমারের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে দাবি করেন, কঠিন সময়ে তিনি সাবেক মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছিলেন।

অনন্ত সিংয়ের ভাষ্য, নীতীশ কুমারের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।

নীতীশ যখন রাজনৈতিকভাবে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছিলেন, তখন তাঁকে সহযোগিতা করেছিলেন তিনি। এ সময় নীতীশের স্বার্থে নয়টি হত্যাকাণ্ডের ব্যবস্থা করার কথাও বলেন এই বিধায়ক। নীরজ কুমারের সঙ্গে অতীতের বিরোধের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, যাঁর সঙ্গে তাঁর মতপার্থক্য রয়েছে, তাঁকেই কেন দল নির্বাচনে প্রার্থী হিসেবে বেছে নিল।

অনন্ত সিংয়ের মন্তব্যের পর নীতীশ কুমার ও জেডিইউকে আক্রমণ করে লালু প্রসাদ যাদবের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। দলটির দাবি, এই বক্তব্যের মধ্য দিয়ে অনন্ত সিং কার্যত নয়টি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আরজেডি নেতা শক্তি সিং যাদব অভিযোগ করেন, নীতীশ কুমার মুখ্যমন্ত্রী থাকাকালে এসব হত্যাকাণ্ড ঘটেছিল এবং সেগুলো পরোক্ষভাবে তাঁর রাজনৈতিক স্বার্থে করা হয়েছিল।

শক্তি সিং যাদব আরও দাবি করেন, রাজনৈতিক চাপের মুখে অনন্ত সিং পরে বক্তব্য পরিবর্তন করতে পারেন। তাঁর অভিযোগ, মোতিহারি, মুজাফফরপুর, বৈশালী ও মোকামাসহ বিহারের বিভিন্ন এলাকায় অপরাধী চক্রের সঙ্গে সম্পর্কের মাধ্যমে নীতীশ কুমার রাজনৈতিক অবস্থান শক্ত করেছিলেন। তবে এগুলো আরজেডির নেতার অভিযোগ।

এদিকে অনন্ত সিংয়ের বক্তব্য থেকে দ্রুত দূরত্ব বজায় নেয় জেডিইউ। দলের জাতীয় মুখপাত্র রাজীব রঞ্জন প্রসাদ বলেন, অনন্ত সিংয়ের মন্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। তাঁর দাবি, নীতীশ কুমারের ভাবমূর্তি স্বচ্ছ এবং অপরাধীদের সঙ্গে আঁতাত কিংবা সহিংসতার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। রাজীব রঞ্জনের ভাষ্য, এ ধরনের মন্তব্য দলের পক্ষ থেকে গুরুত্ব পাওয়ার যোগ্য নয়, সাধারণ মানুষও সম্ভবত একে গুরুত্ব দেবে না।

পরে নিজের বক্তব্য প্রত্যাহার করে অনন্ত সিং হত্যাকাণ্ডের জন্য লালু প্রসাদ যাদবের শাসনামলকে দায়ী করেন। তিনি বলেন, নীরজ কুমারের মন্তব্যের জবাবে নিজের ত্যাগ ও ক্ষতির কথা তুলে ধরেছিলেন। তাঁর দাবি, লালু যাদবের শাসনামলে তাঁর নয়জন সহযোগী নিহত হন এবং তিনিও গুলিবিদ্ধ হয়েছিলেন। নীতীশ কুমারের সঙ্গে যুক্ত হওয়ার কারণেই লালু যাদব তাঁদের হত্যার ব্যবস্থা করেছিলেন বলে অভিযোগ করেন তিনি।

অনন্ত সিং আরও বলেন, ওই সময়ে তাঁদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছিল। এমনকি হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর বাবারও মৃত্যু হয় বলে দাবি করেন তিনি।

বিহারে নির্বাচনী তৎপরতার মধ্যেই এই বিতর্ক সামনে এসেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্য বিধান পরিষদের আটটি আসনে দ্বিবার্ষিক নির্বাচন ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ২৭ অক্টোবর।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :