ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্র্ভূত আনিসা

আপলোড সময় : ১৮-১০-২০২৬ , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ১১:৫২:৪৪ পূর্বাহ্ন

বাংলাদেশি বংশোদ্র্ভূত আনিসা খানের কাঁধে উঠেছে ইংল্যান্ড নারী কাবাডি দলের নেতৃত্বের দায়িত্ব। ভারতের আহমেদাবাদে অনুষ্ঠেয় কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন তিনি। আগামী ২৩ অক্টোবর শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় অধিনায়কত্বের পাশাপাশি রেইডার হিসেবেও খেলবেন আনিসা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজের অধিনায়ক হওয়ার খবর জানিয়েছেন ব্রিটিশ-বাংলাদেশি এই তরুণী। তিনি লিখেছেন, ‘আমাকে ইংল্যান্ড মহিলা কাবাডি দলের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে দলকে নেতৃত্ব দিতে আমি ভারতে যাচ্ছি।’

কাবাডির মাঠের বাইরেও আনিসার পরিচিতি রয়েছে ব্যবসায়ী হিসেবে। তিনি ‘বোম্বে পিৎসা’ নামের একটি পিৎসা প্রতিষ্ঠানের মালিক। তাঁর বাবা ইয়াওয়ার খান বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমানোর পর রেস্তোরাঁ ব্যবসা শুরু করেন। বাবার সেই ব্যবসায়িক অভিজ্ঞতার ধারাবাহিকতায় আনিসাও নিজের উদ্যোগে ব্যবসা গড়ে তুলেছেন।

২০২৫ সালে বিবিসি ওয়ানের জনপ্রিয় ব্যবসাভিত্তিক রিয়েলিটি অনুষ্ঠান ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ অংশ নিয়ে যুক্তরাজ্যে পরিচিতি পান আনিসা। ব্রিটিশ ব্যবসায়ী লর্ড অ্যালান সুগারের আড়াই লাখ পাউন্ডের ব্যবসায়িক বিনিয়োগ পাওয়ার প্রতিযোগিতায় রানারআপ হয়েছিলেন তিনি।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :