মোঃ শিহাবুর রহমান সরকার, পীরগঞ্জ (রংপুর) : রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বিভিন্ন মাঠে আগাম জাতের আমন ধান কাটা ও মাড়াই চলছে পুরোদমে। উপজেলার উঁচু এলাকার জমিগুলোতে আগাম জাতের ধান পাকতে শুরু করায় কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। সোনালি রং ধারণ করা ধান কেটে ঘরে তোলার পাশাপাশি একই জমিতে শীতকালীন ফসল আবাদে প্রস্তুতি নিচ্ছেন তারা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে উপজেলায় ২৫ হাজার ৪৯৫ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। এর মধ্যে ব্রি ধান-১০৩ জাতের ধান ২৫০ হেক্টর এবং আরও ১৪টি আগাম জাতের ধান প্রায় ৬ হাজার ৩২০ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। আগাম জাতের ধান পাকতে শুরু করায় বিভিন্ন এলাকায় ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করেছেন কৃষকরা।
আগাম জাতের ধানের বীজ ও সার বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। এসব বীজের চারা নির্ধারিত সময়ের আগেই জমিতে রোপণ করা হয়। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আগাম জাতের ধানের ফলনও ভালো হয়েছে বলে জানান তারা।
আগাম জাতের আমন ধানের প্রধান সুবিধা হলো অন্যান্য জাতের তুলনায় এটি দ্রুত পরিপক্ক হয়। ফলে ধান কাটার পর একই জমিতে অল্প সময়ের মধ্যে আলু, সরিষা,গম, ভুট্টা, মরিচ,পেঁয়াজ, এছাড়াও শাকসবজিসহ বিভিন্ন শীতকালীন ফসল আবাদ করা যায়। এতে একই জমিতে বছরে অতিরিক্ত ফসল উৎপাদনের সুযোগ তৈরি হয় এবং কৃষকের আয়ও বাড়ে। জামালপুর গ্রামের কৃষক সাবের আলী বলেন, আগাম জাতের ধান চাষে তুলনামূলকভাবে শ্রম ও খরচ কিছুটা বেশি হলেও ধান আগে ঘরে তোলা যায়। এ ছাড়া এ সময় কাঁচা ধানের খড়ের চাহিদা থাকায় ভালো দাম পাওয়া যায়। অনেক সময় খড় ব্যবসায়ীরা জমি থেকে ধান কেটে নেওয়ার বিনিময়ে কৃষকের কাছ থেকে কাঁচা আঁটি কিনে নেন। এতে কৃষকের ধান কাটার খরচও কমে আসে।
অপর দিকে খড় ব্যবসায়ী সুফিয়ান বলেন, আমন মৌসুমের কাঁচা খড় বা আঁটির বাজারে ভালো চাহিদা রয়েছে। বর্ষা মৌসুমে গো-খাদ্য হিসেবে খড়ের সংকট দেখা দেওয়ায় ব্যবসায়ীরা আগাম আমন ধানের কাঁচা আঁটি সংগ্রহ করে রাখেন। এতে কৃষক যেমন বাড়তি আয় করতে পারেন, তেমনি ব্যবসায়ীরাও লাভবান হন।
আগাম জাতের আমন ধান চাষ করলে এর সুফল আরও বাড়বে। একই সময়ে ধান পেকে যাওয়ায় দ্রুত ধান কাটা সম্ভব হবে এবং পাখি ও ইঁদুরের আক্রমণও তুলনামূলকভাবে কমানো যেতে পারে। পাশাপাশি আগাম ধান কাটার পর দ্রুত শীতকালীন ফসল আবাদ করা সম্ভব হওয়ায় জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে। এতে কৃষকের উৎপাদন ও আয়-দুই-ই বাড়ার সম্ভাবনা রয়েছে।