মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী : প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন রাজশাহী সফরকে কেন্দ্র করে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো নগরজুড়ে। সরকারপ্রধানকে একনজর দেখা এবং তাঁকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নগরবাসী। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিশেষ করে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আনন্দ ও উচ্ছ্বাস।
প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে সফল, সুশৃঙ্খল ও সার্থক করে তুলতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নগরবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সফরকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
গতকাল শনিবার (১৭ অক্টোবর) প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রাজশাহীর ঐতিহাসিক হাজী মুহম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, যা মাদ্রাসা মাঠ নামে পরিচিত, পরিদর্শন করেন মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি মাঠের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মাঠ পরিদর্শন শেষে তিনি রাজশাহী ধর্মসভাসহ প্রধানমন্ত্রীর সফরসূচির আওতাভুক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম রাজশাহী সফরকে ঘিরে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। একই সঙ্গে সাধারণ নগরবাসীর মধ্যেও তাঁকে স্বাগত জানানোর প্রবল আগ্রহ দেখা যাচ্ছে। সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে অপেক্ষা করছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নগরজুড়ে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, তা মানুষের স্বতঃস্ফূর্ত আগ্রহ ও প্রত্যাশারই বহিঃপ্রকাশ। সফরটি যেন সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।