মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: যুবসমাজের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধি, স্বেচ্ছাসেবামূলক উদ্যোগকে গতিশীল করা এবং সমাজ উন্নয়নে তরুণদের অবদানকে উৎসাহিত করতে ময়মনসিংহে ১২টি যুব সংগঠনকে মোট ৯ লাখ ২৫ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে। ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬ উপলক্ষে সংগঠনগুলোর প্রতিনিধিদের হাতে এ অনুদানের চেক তুলে দেওয়া হয়।
গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত মূল অনুষ্ঠানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুদানপ্রাপ্ত ১২টি সংগঠনের মধ্যে অগ্রণী যুব মহিলা কল্যাণকে ১ লাখ টাকা দেওয়া হয়। অন্য ১১টি সংগঠনকে ৭৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। এ অনুদানের মাধ্যমে সংগঠনগুলোর সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনায় আর্থিক সহায়তা জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাহবুবুল আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর, ময়মনসিংহের উপপরিচালক হারুন অর রশিদ। অনুষ্ঠান শেষে অতিথিরা অনুদানপ্রাপ্ত ১২টি যুব সংগঠনের প্রতিনিধিদের হাতে চেক তুলে দেন।