মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী ব্যুরো : আগামী ২০ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রীর রাজশাহী জেলা সফর উপলক্ষে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল শনিবার (১৭ অক্টোবর) সফরস্থল পরিদর্শন করেছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শনিবার দুপুরে শাহ মখদুম বিমানবন্দর, রাজশাহী এবং রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করেন রাজশাহী বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব মোঃ ইউসুফ আলী এবং রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ, পিপিএম।
পরিদর্শনকালে তাঁরা প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, যাতায়াত ও আনুষঙ্গিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করেন।
এ সময় তাঁরা সফরস্থলসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণ, দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়, সার্বিক শৃঙ্খলা বজায় রাখা এবং সফর নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক ও প্রস্তুত থাকার এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় পুলিশ, প্রশাসনসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।