আসাদুজ্জামান রুবেল: শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে গাইবান্ধা শহরের শচীন চাকি সড়কে অবস্থিত আদর্শ কলেজসংলগ্ন শ্রী রামকৃষ্ণ আশ্রম ও মিশনে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।এই আয়োজনকে কেন্দ্র করে রামকৃষ্ণ আশ্রম ও মিশন চত্বর হিন্দু ধর্মপ্রাণ নারী-পুরুষের পদচারণায় মুখর হয়ে ওঠে।পাশাপাশি বিভিন্ন ধর্মাবলম্বী মানুষও এই অনন্য পূজা দেখতে মন্দির প্রাঙ্গণে ভিড় জমান।
সোমবার বেলা সাড়ে ১০ টায় কুমারী পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।এ বছর শ্রী রামকৃষ্ণ আশ্রম ও মিশনে কুমারী দেবী হিসেবে পূজা ও অর্ঘ্য নিবেদন করা হয় ৬ বছরের শিশু প্রগতি ভট্টাচার্যকে।সে গাইবান্ধা শহরের মাষ্টারপাড়া এলাকার পিষুষ ভট্রাচার্য ওরফে পলাশ ও অনামিকা ভট্রাচার্যের মেয়ে এবং মেরিট কেয়ার স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।
পূজা চলাকালীন পুরো মন্দির চত্বর মুখরিত হয়ে ওঠে ঢাকের বাদ্য, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে। পূজা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয় এবং উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।