মাদকসেবী ও মাদক কারবারীদের নির্মূল করে সামাজিক নিরাপত্তাবেষ্টনী জোরদার এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার মাধ্যমে একটি আদর্শ জেলা গড়ার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার (২৩ অক্টোবর) ঝিনাইদহ শহরের পাবলিক হেলথ জামে মসজিদে জুমার নামাজের পূর্বে খুতবা-পূর্ব আলোচনায় সবায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেন,আমরা এমন একটি জেলা দেখতে চাই, যেখানে কোনো প্রকার সামাজিক অনাচার, দুর্নীতি ও বিশৃঙ্খলা থাকবে না। জেলার প্রতিটি নাগরিক যেন সামাজিক ও ব্যক্তিগত নিরাপত্তার নিশ্চয়তা পায়, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, মাদক সমাজের রন্ধ্রে রন্ধ্রে ধ্বংস ডেকে আনছে। মাদকসেবী ও সেবনকারী উভয়কেই সমাজের স্বার্থে নির্মূল ও প্রতিহত করতে হবে। মাদকমুক্ত সমাজ ও দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তোলার মাধ্যমেই কেবল জেলার সার্বিক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি ডাঃ হাসানুজ্জামান, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মুসল্লিরা এ সময়ে উপস্থিত ছিলেন।