তিশার অভিষেকের অপেক্ষা দীর্ঘ হলো

আপলোড সময় : ২৪-১০-২০২৬ , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৩:২৯:০৮ অপরাহ্ন

মডেলিং আর অনিন্দ্য অভিনয় দিয়ে ছোট পর্দার দর্শক হৃদয় জয় করেছেন বহু আগেই। ওয়েব সিনেমা ও সিরিজে কাজ করেও প্রশংসা কুড়িয়েছেন তানজিন তিশা। বাকি ছিল শুধু পূর্ণদৈর্ঘ্য সিনেমায় নিজেকে তুলে ধরা। সেই সুযোগও বহুবার এসেছে। তবু তিশা চেয়েছেন এমন গল্প ও চরিত্র দিয়ে চলচ্চিত্রে অভিষেক হোক, যা দর্শক মনে ছাপ ফেলবে।

সেই চাওয়া পূরণ হতে চলেছিল গত বছর ‘সোলজার’ সিনেমার মাধ্যমে। যেখানে তিশার বিপরীতে আছেন চলচ্চিত্রের মেগাতারকা শাকিব খান। তাই স্বপ্নের মতো চলচ্চিত্রে অভিষেক হতে চলেছিল তিশার। কিন্তু হঠাৎ পিছিয়ে যায় এই সিনেমার কাজ। যে কারণে ‘সোলজার’-এর আগেই মুক্তি পায় পরে শুটিং শুরু হওয়া দুই সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ও ‘রকস্টার’। তাই চলচ্চিত্রে অভিষেকের জন্য অপেক্ষা ছাড়া তিশার কিছু করার ছিল না।

সম্প্রতি জানা গেছে, তিশার অভিষেকের অপেক্ষা আরও দীর্ঘ হতে চলেছে। কারণ ‘সোলজার’ সিনেমার অসমাপ্ত কাজ শেষ করতে যে ৯-১০ দিনের শুটিং শিডিউল দরকার, তা নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। এদিকে শিগগিরই ‘নিঃস্ব’ ও ‘মহব্বত’ নামে দুটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন শাকিব খান। এর মাঝে ‘সোলজার’-এর জন্য আলাদা শিডিউল তৈরি করতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। যে কারণে কেউ স্পষ্ট করে বলতে পারছেন না, তানজিন তিশার অভিষেক সিনেমাটি কবে মুক্তি পাবে।

এদিকে ‘সোলজার’ সিনেমার কাজের সমাপ্তি নিয়ে জটিলতা থাকলেও ছোট পর্দায় নতুন করে ব্যস্ত হয়ে উঠেছেন তানজিন তিশা। এর মধ্যে তাঁর বেশ কিছু নাটক মুক্তি পেয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :