অমিতাভের ‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকি

আপলোড সময় : ২৫-১০-২০২৬ , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৯:০৩:২৪ অপরাহ্ন

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহুর বাংলো ‘জলসা’ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ২৭ অক্টোবর অমিতাভ বচ্চন ও গায়ক দিলজিৎ দোসাঞ্জের মুম্বাইয়ের কনসার্টে বোমা হামলার হুমকিও এসেছে। এ ছাড়া শহরের মেয়রের কার্যালয় ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার হুমকি পাওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১১টা ৩১ মিনিটে মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে ও অন্য কর্মকর্তাদের কাছে ই-মেইলের মাধ্যমে এসব হুমকি পাঠানো হয়। ই-মেইলে আগামী ৩১ অক্টোবর শহরের একটি স্কুলে গ্রেনেড হামলার কথাও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এতে খালিস্তানপন্থী স্লোগান ছিল বলে জানা গেছে।

মুম্বাই পুলিশের জোন-১-এর উপকমিশনার মনীশ কালওয়ানিয়া জানিয়েছেন, বৃহন্মুম্বাই পৌর করপোরেশনের (বিএমসি) কার্যালয়ে একটি হুমকিমূলক ই-মেইল এসেছে। তবে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। দাদর এলাকার কয়েকটি স্কুলেও হামলার হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে গত ১৫ অক্টোবর সকালে ই-মেইলের মাধ্যমে দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। ওই বার্তায় ৩০ অক্টোবর দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে যোগ না দেওয়ার জন্যও সতর্ক করা হয়। একটি সূত্রের দাবি, সেই ই-মেইলেও খালিস্তানপন্থী বিভিন্ন স্লোগান ছিল। হুমকির তালিকায় দিল্লির দ্য ব্রিটিশ স্কুল, মাউন্ট কারমেল, আহলকন ইন্টারন্যাশনাল স্কুল ও আহলকন পাবলিক স্কুলসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছিল।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :