মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

আপলোড সময় : ২৭-১০-২০২৬ , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০১:০৪:৫৩ অপরাহ্ন

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এলিজা জামান। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খানের কাছে মনোনয়নপত্র জমা দেন এলিজা জামান। পরে মঈন উদ্দীন খান সাংবাদিকদের জানান, মনোনয়নপত্র জমার নির্ধারিত দিনে এলিজা জামান তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এলিজা জামান। সংরক্ষিত নারী আসনে তাঁকে মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ঘোষিত তফসিল অনুযায়ী, মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার আপিল করা যাবে। আপিল করা হলে ২৯ অক্টোবর তা নিষ্পত্তি করা হবে। ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারণ করা হয়েছে। সব প্রক্রিয়া শেষে আগামী ১২ নভেম্বর ভোট গ্রহণের কথা রয়েছে।

তবে সংরক্ষিত নারী আসনের বণ্টনব্যবস্থা অনুযায়ী, শূন্য হওয়া এ আসনটি বিএনপির প্রাপ্য। ফলে মনোনয়নপত্রে কোনো ত্রুটি না থাকলে এবং যাচাই-বাছাই ও আপিলসংক্রান্ত প্রক্রিয়া শেষ হলে বিএনপির প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন। সে ক্ষেত্রে নির্ধারিত ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে না।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :