শাকিল হত্যা: এমপিপুত্র মিন্টুর ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

আপলোড সময় : ২৮-১০-২০২৬ , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৫:২৬:০৬ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাতে শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে গুরুদাসপুর থানায় অজ্ঞাতপরিচয় ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

নিহত শাকিল গুরুদাসপুর পৌর শহরের খামারনাচকৈড় টলটলিপাড়া এলাকার রবিউল মিস্ত্রির ছেলে। তাঁর বাবা রবিউল ইসলাম জানান, ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার রাত ৮টার দিকে শাকিলের মৃত্যু হয়। তিনি ছেলে হত্যার বিচার দাবি করেন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ হোসেন সৃজন বলেন, শাকিল হত্যায় জড়িত ব্যক্তি যত প্রভাবশালীই হোন না কেন, এমনকি দলের কেউ হলেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সংসদ সদস্যের ছেলে মিন্টু এ ঘটনায় জড়িত থাকতে পারেন—এমন সন্দেহে পুলিশ তাঁকে হেফাজতে নিয়েছে বলে উল্লেখ করে তিনি তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, শাকিল হত্যা মামলায় নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। অধিকতর তদন্তের জন্য তাঁর ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে বিলচলন শামসুজ্জোহা কলেজের পাশে হামলার শিকার হন শাকিল। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। এ সময় একটি ফাঁকা গুলিও ছোড়া হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :