যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় সহস্রাধিক নেতাকর্মী নিয়ে মিছিল করেছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েল। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে যান তিনি। এ সময় নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা দেখা যায় এবং তাঁরা বিভিন্ন স্লোগান দেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মেহেদী হাসান রুয়েল বলেন, ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরিত করাই ছিল এ সংগঠন প্রতিষ্ঠার উদ্দেশ্য।
তিনি আরও বলেন, গত ১৭ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যুবদল রাজপথে সক্রিয় ছিল। আগামী দিনেও দেশ গঠনে এবং তারেক রহমানের হাত শক্তিশালী করতে যুবদল রাজপথে সক্রিয় থাকবে।