কমিউনিটি ব্যাংকে চালু হলো শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা

আপলোড সময় : ২৯-১০-২০২৬ , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০১:২৩:৩৯ অপরাহ্ন

প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি শরিয়াহভিত্তিক আর্থিক সেবা চালু করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ‘কমিউনিটি ইসলামিক’ নামে নতুন এ সেবার মাধ্যমে শরিয়াহর নীতিমালা অনুসরণ করে আরও বিস্তৃত গ্রাহকগোষ্ঠীর ব্যাংকিং চাহিদা পূরণের উদ্যোগ নিয়েছে ব্যাংকটি।

সোমবার রাজধানীর শাহজাহান ইমাম টাওয়ারে ব্যাংকের চকবাজার শাখায় ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনায় বক্তারা আর্থিক লেনদেনে নৈতিকতা, গ্রাহকের আস্থা অর্জন এবং সামাজিক কল্যাণে শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। তিনি বলেন, প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামি ব্যাংকিং সেবা চালুর মাধ্যমে আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছানোই এ উদ্যোগের লক্ষ্য। কমিউনিটি ইসলামিককে গ্রাহকদের আস্থার সেবা হিসেবে গড়ে তুলতে শরিয়াহ পরিপালন, স্বচ্ছতা ও দায়িত্বশীল গ্রাহকসেবার ওপর গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান ইসলামি ব্যাংকিংয়ের প্রতি গ্রাহকের আস্থা সুদৃঢ় করতে সুষ্ঠু ব্যাংকিং চর্চা ও শরিয়াহর নীতিমালা অনুসরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। স্বচ্ছ ও দায়িত্বশীল আর্থিক লেনদেন গ্রাহক এবং সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

কমিউনিটি ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি আব্দুল্লাহ মাসুম আর্থিক লেনদেনে সততা, আমানতদারিতা ও ন্যায়সংগত আচরণের ওপর গুরুত্ব দেন। গ্রাহকসেবা ও সামাজিক কল্যাণ নিশ্চিত করতে শরিয়াহর বিধিবিধান যথাযথভাবে অনুসরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) ও ব্যাংকের পরিচালক খোন্দকার রফিকুল ইসলাম নৈতিক ব্যাংকিংয়ের মাধ্যমে জনআস্থা সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেন। অন্যদিকে, অতিরিক্ত আইজিপি (ফাইন্যান্স) ও ব্যাংকের পরিচালক মো. আকরাম হোসেন গ্রাহকদের আর্থিক চাহিদা ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যাংকিং সেবার পরিধি বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আলী হোসেন ফকির সততা, আমানতদারিতা ও শরিয়াহর নির্দেশনা অনুসরণের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জনের ওপর গুরুত্ব দেন। কমিউনিটি ইসলামিক এসব মূল্যবোধ ধারণ করে কার্যক্রম পরিচালনা করবে এবং মানুষের কল্যাণে অবদান রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) ও ব্যাংকের পরিচালক এ. কে. এম. আওলাদ হোসেন, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত ডিআইজি (সেবা) ও ব্যাংকের পরিচালক আহম্মদ মুঈদ এবং সিআইডির প্রধান অতিরিক্ত ডিআইজি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসেন।

এ ছাড়া কমিউনিটি ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মো. ইলিয়াস হোসেন ইমন ও মুফতি লুকমান হাসান, ব্যাংকের চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী এবং হেড অব কমিউনিটি ইসলামিক আনোয়ারুল কবিরসহ বাংলাদেশ পুলিশ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :