স্বজনপ্রীতি নিয়ে মুখ খুললেন সারা আলী খান

আপলোড সময় : ২৯-১০-২০২৬ , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০১:২৩:৪৪ অপরাহ্ন

বলিউডে তারকা পরিবারের সন্তান হওয়ায় ক্যারিয়ারের শুরুতে বাড়তি সুবিধা পেয়েছেন—এ কথা অকপটে স্বীকার করেছেন অভিনেত্রী সারা আলী খান। তবে তাঁর দাবি, বাবা সাইফ আলী খান কখনো সিনেমায় সুযোগ পাইয়ে দিতে নির্মাতাদের কাছে তদবির করেননি কিংবা চুক্তি নিয়ে দর-কষাকষি করেননি। ক্যারিয়ারের আট বছর পার হওয়ার পরও স্বজনপ্রীতি নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়ায় নিজের পরিশ্রমের স্বীকৃতি চেয়েছেন এই অভিনেত্রী।

চলতি বছর মুদাসসার আজিজের রোমান্টিক কমেডি ‘পতি পত্নী অউর ওহ দো’ এবং আকাশ কৌশিকের স্পাই কমেডি ‘উড়তা তীর’ সিনেমায় অভিনয় করেছেন সারা। দুটি সিনেমাতেই তাঁর সহশিল্পী আয়ুষ্মান খুরানা। তবে অভিনয়জীবনের আট বছর পার হলেও তারকা পরিবারের সন্তান হিসেবে পাওয়া সুবিধা নিয়ে সমালোচনা পিছু ছাড়ছে না সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের মেয়ের।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সারা বলেন, তারকা পরিবারের সন্তান হওয়ার কারণে তাঁর সামনে কিছু সুযোগ তৈরি হয়েছে। বিষয়টি অস্বীকার করার কোনো কারণ নেই। তাঁর ভাষায়, এই পরিচিতি তাঁকে সুযোগ, খ্যাতি ও পরিচিতি এনে দিয়েছে, এমনকি অভিনেত্রী হিসেবে যাত্রা শুরুর আগেই।

সিনেমায় অভিষেকের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন সারা। অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ মুক্তির চার মাসেরও কম সময় আগে ইনস্টাগ্রামে যোগ দেন তিনি। এরপর মাত্র ২৪ ঘণ্টায় তাঁর অনুসারীর সংখ্যা দুই লাখ ৪৬ হাজার ছাড়িয়ে যায়।

তবে স্বজনপ্রীতি নিয়ে সমালোচনার ক্ষেত্রে নিজের পরিশ্রমকে উপেক্ষা করা হচ্ছে বলে মনে করেন সারা। তাঁর মতে, স্বজনপ্রীতি এখন মানুষের কাছে কেবল নেতিবাচক একটি শব্দে পরিণত হয়েছে। এর ফলে একজন শিল্পীর নিজস্ব প্রচেষ্টা ও কাজের মূল্যায়ন আড়ালে পড়ে যায়।

সমালোচনার মুখে থাকা সমসাময়িক অভিনেত্রী জাহ্নবী কাপুর ও অনন্যা পান্ডের পক্ষেও কথা বলেছেন সারা। জাহ্নবী প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের মেয়ে। অন্যদিকে অনন্যার বাবা অভিনেতা চাঙ্কি পান্ডে। সারা বলেন, তাঁরা কে কোন পরিবারে জন্ম নেবেন, তা নিজেরা বেছে নেননি। তারকা পরিবারে জন্ম নেওয়ার কারণে তাঁরা সৌভাগ্যবান হলেও এ জন্য তাঁদের দোষারোপ করা ন্যায্য নয়।

সারার মতে, তারকা পরিবারের সন্তান হিসেবে বলিউডে অভিষেকের সুযোগ পাওয়া অবশ্যই বাড়তি সুবিধা। তবে ক্যারিয়ারের আট বছর পার হওয়ার পরও বারবার এ বিষয়ে ব্যাখ্যা দিতে হওয়াটা তাঁর কাছে অযৌক্তিক। তিনি মনে করেন, অভিষেকের ক্ষেত্রে পাওয়া সুবিধার পাশাপাশি পরবর্তী সময়ে নিজের কাজ ও পরিশ্রমের মূল্যায়নও হওয়া প্রয়োজন।

নিজের পারিবারিক পরিস্থিতির কথা তুলে ধরে সারা জানান, ২০০৪ সালে বাবা সাইফ আলী খান ও মা অমৃতা সিংয়ের বিচ্ছেদের সময় তাঁর বয়স ছিল মাত্র নয় বছর। এরপর মূলত মায়ের সঙ্গেই বেড়ে উঠেছেন তিনি। তাঁর দাবি, বাবা কখনো বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানে গিয়ে তাঁর চুক্তি নিয়ে দর-কষাকষি করেননি কিংবা তাঁকে সিনেমায় নেওয়ার জন্য নির্মাতাদের অনুরোধ জানাননি।

সারা বলেন, ‘কেদারনাথ’ সিনেমা নিয়ে জটিলতা তৈরি হওয়ার সময় তাঁকে একাই পরিস্থিতি সামলাতে হয়েছিল।

ইন্ডাস্ট্রিতে তাঁর কোনো অভিভাবক বা প্রভাবশালী সহায়তাকারী ছিলেন না বলেও দাবি করেন তিনি। তাঁর মতে, তারকা পরিবারের পরিচিতি একদিকে সুযোগ এনে দিলেও অন্যদিকে এ পরিচয়ের কারণে বাড়তি সমালোচনার মুখেও পড়তে হয়।

২০১৮ সালে ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সারার। সে সময় তাঁর বাবা সাইফ আলী খান প্রতিষ্ঠিত অভিনেতা ছিলেন।

অন্যদিকে, তাঁর মা অমৃতা সিং আশির দশক ও নব্বইয়ের দশকের শুরুর দিকে বলিউডের পরিচিত মুখ ছিলেন। তবে সারার জন্মের পর অভিনয় থেকে বিরতি নেন অমৃতা। পরে কাজে ফিরলেও তাঁকে নিয়মিত সিনেমায় দেখা যায়নি।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :