রপ্তানি ও আমদানি গ্রাহকদের জন্য বাণিজ্য অর্থায়নসেবা সম্প্রসারণে জার্মানির ট্রেডউইন্ড জিএমবিএইচের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। এ চুক্তির আওতায় রপ্তানি চুক্তির বিপরীতে নন-রিকোর্স এক্সপোর্ট ফ্যাক্টরিং, মেয়াদি ঋণপত্রের (ইউস্যান্স এলসি) মূল্য আগাম নগদায়ন এবং আমদানি ফ্যাক্টরিং সেবা গ্রহণের সুযোগ পাবেন ব্যাংকটির গ্রাহকেরা।
সম্প্রতি ব্যাংকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীণ, উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ এবং আন্তর্জাতিক বিভাগের প্রধান ও নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মো. ফখরুজ্জামান চৌধুরী। ট্রেডউইন্ডের পক্ষে সই করেন মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল জালি, একই অঞ্চলের কার্যক্রম পরিচালক মাহমুদ ইব্রাহিম এবং বাংলাদেশে প্রতিষ্ঠানটির বাণিজ্যিক বিভাগের প্রধান মো. রাশেদুল হাসান।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।