রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনের বেগম রোকেয়া সরণিতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তাঁরা। শিক্ষার্থীদের দাবি, মাঠটিতে সচিবালয় স্থাপনের পরিকল্পনা বাতিল করে সেটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দিতে হবে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে তাঁরা সড়কে নেমে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। আন্দোলনকারীদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত মাঠের সংকট রয়েছে। এ অবস্থায় পুরোনো বাণিজ্য মেলার মাঠটি গবেষণা ও অন্যান্য শিক্ষামূলক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ। সেখানে সচিবালয় স্থাপন করা হলে এলাকার পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা তাঁদের।
আন্দোলনরত দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত হোসেন বলেন, পুরোনো বাণিজ্য মেলার মাঠটি তাঁদের বিশ্ববিদ্যালয়ের মাঠ। ১৯৩৮ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার সময় মাঠটি এর অন্তর্ভুক্ত ছিল। পরবর্তী সময়ে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের গবেষণাসহ বিভিন্ন কার্যক্রমে মাঠটি ব্যবহার করা হয়েছে। আশির দশকে সরকার মাঠটি নিয়ে নেয়। এখন গবেষণার প্রয়োজনে সেটি আবার ফেরত চান তাঁরা।
এর আগে বুধবার সকালে পুরোনো বাণিজ্য মেলার মাঠে নির্মাণাধীন দুটি মেলার স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনার পর আন্দোলনরত শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সরকারি উদ্যোগের প্রতিবাদে তিন দিন ধরে আন্দোলন করছেন শেকৃবির শিক্ষার্থীরা। মাঠটির মালিকানা ও ব্যবহার নিয়ে বিশ্ববিদ্যালয়ের দাবি এবং সরকারের পরিকল্পনার মধ্যে বিরোধের জেরে বৃহস্পতিবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।