সুরসম্রাট শচীন দেব বর্মনের স্মরণে কুমিল্লায় দুই দিনের মেলা

আপলোড সময় : ৩০-১০-২০২৬ , আপডেট সময় : ৩০-১০-২০২৬ ০৬:১৮:০০ অপরাহ্ন

কুমিল্লায় আজ পর্দা উঠছে দুই দিনের ‘শচীন মেলা-২০২৬’-এর। উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী ও সুর সম্রাট শচীন দেব বর্মনকে স্মরণ করতেই এ আয়োজন।

৩০ ও ৩১ অক্টোবর নগরীর চর্থায় শচীন দেব বর্মনের পৈতৃক বাড়ির আঙিনায় মেলাটি হচ্ছে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে। এবারের প্রতিপাদ্য—‘মর্ত্যের রাজ্য ছেড়ে, সুরের সাম্রাজ্যে’।

শিল্পীর জন্মদিন পড়ে অক্টোবরের প্রথম দিনে, ১ অক্টোবর; আর প্রয়াণ দিবস মাসের শেষ দিন, ৩১ অক্টোবর। জেলা প্রশাসন প্রতিবছরই মেলাটির আয়োজন করে। জন্ম ও মৃত্যুবার্ষিকী ঘিরে এবারও থাকছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিন আজ শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় নগরীর ইউসুফ হাই স্কুল থেকে শুরু হবে শোভাযাত্রা।

আলোচনা পর্ব আর সাংস্কৃতিক আয়োজনে প্রধান অতিথির আসনে থাকবেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান মো. আশিকুর রহমান মাহমুদ ওয়াসি।

প্রথম দিনের আলোচনায় বক্তব্য দেবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান, লেখক ও গবেষক অ্যাডভোকেট গোলাম ফারুক এবং জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জাবেদ আহমেদ কিসলু।

আয়োজকদের ভাষ্য, নতুন প্রজন্ম যেন এই শিল্পীর গানের জীবন, তাঁর সৃষ্টি আর সাংস্কৃতিক অবদান সম্পর্কে জানতে পারে, আর তাঁর স্মৃতি যেন টিকে থাকে—সেই ভাবনা থেকেই মেলার আয়োজন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :