মাদ্রাসা শিক্ষা বোর্ডের এ বছরের আলিম পরীক্ষায় ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, আর পাসের হার দাঁড়িয়েছে ৬১ দশমিক ৭ শতাংশ।
শনিবার সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ফলের বিস্তারিত তুলে ধরেন।
ফল বিশ্লেষণে দেখা যায়, আলিমে মোট ৫৪ হাজার ৫৪৭ জন উত্তীর্ণ হয়েছে; তাদের মধ্যে ছাত্রী ২৫ হাজার ২৭৮ জন ও ছাত্র ২৯ হাজার ২৬৯ জন। পাসের হারে ছাত্রীরা এগিয়ে, ৬৪ দশমিক ৯০ শতাংশ; ছাত্রদের হার ৫৮ দশমিক ১০ শতাংশ।
জিপিএ-৫ পাওয়া ৩ হাজার ২৫০ জনের মধ্যে ছাত্র ২ হাজার ২৮ জন, ছাত্রী ১ হাজার ২২২ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৪৬০টি কেন্দ্রে এবারের পরীক্ষা নেওয়া হয়, তাতে অংশ নেয় ২ হাজার ৭০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে এ বছর গড় পাসের হার ৫২.১২ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছে মোট ৪০ হাজার ৮৪ জন।