জনমিতিক লভ্যাংশকে বড় সুযোগ বললেন রাষ্ট্রপতি, যুবশক্তি কাজে লাগানোর তাগিদ

আপলোড সময় : ০১-১১-২০২৬ , আপডেট সময় : ০১-১১-২০২৬

জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বিপুল যুবশক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন।

যুবসমাজকে দেশের বড় সম্পদ ও সুযোগ হিসেবে তুলে ধরে তিনি বলেন, ‘দেশের জনসংখ্যার কাঠামোতে সবচেয়ে বড় অংশ হচ্ছে যুবসমাজ। এটিকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশ। এটি দেশের জন্য একটি বড় সম্পদ ও সুযোগ। এই বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে নিঃসন্দেহে সাফল্য অর্জন করা সম্ভব হবে।’

বক্তব্যে স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উত্তরণের প্রসঙ্গও টানেন রাষ্ট্রপতি। তাঁর কথায়, বাংলাদেশ এখনো স্বল্পোন্নত দেশ; এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার কথা রয়েছে, আর সে জন্য প্রস্তুতির সময় আরও তিন বছর বাড়ানো হয়েছে। অর্থাৎ এই সময়ের মধ্যেই দরকারি সক্ষমতা গড়ে তুলতে হবে, যাতে উন্নয়নশীল দেশ হওয়ার পরও প্রতিযোগিতায় টিকে থাকতে পারে বাংলাদেশ।

রাষ্ট্রপতির মতে, এই জায়গায় সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে দেশের যুবসমাজ। ভবিষ্যতের প্রধান চালিকাশক্তি তারাই, ভবিষ্যৎ গড়ার দায়িত্বও তাদের হাতে—এমনটাই বলেন তিনি।

দেশকে এগিয়ে নিতে চাইলে যুবসমাজকে কর্মমুখী করতে হবে এবং উৎপাদনের চালিকাশক্তি তুলে দিতে হবে তাদের হাতে, বলেন রাষ্ট্রপতি। তিনি মনে করিয়ে দেন, কেবল রাজনৈতিক বিপ্লব বা পরিবর্তনের মধ্য দিয়ে কোনো দেশ এগোতে পারে না; পাশাপাশি দেশকে গড়েও তুলতে হয়।

যুব উন্নয়নে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নানা অবদান ও কার্যক্রমের কথা বক্তব্যে বিশেষভাবে স্মরণ করেন তিনি।

দেশ ও যুবসমাজের উন্নয়নে বর্তমান সরকারের অঙ্গীকারের কথা আবারও জানিয়ে রাষ্ট্রপতি বলেন, যুবকদের সামনের সারিতে নিয়ে আসতে হবে, দেশ গঠনের প্রতিটি ক্ষেত্রে মূল ভূমিকা রাখতে হবে তাদেরই। উন্নয়ন ও অগ্রযাত্রার সব ক্ষেত্রে যুবসমাজকে যুক্ত করার কথা বলেন তিনি; সেই সঙ্গে জানান, দেশের উন্নয়ন আর যুবসমাজের ভাগ্য বদলের পথে কোনো ধরনের বাধা রাখা চলবে না।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :