নেত্রকোণা সীমান্তে এক মাসে ১৪২ অভিযান, কোটি টাকার বেশি মূল্যের মদ-গরু-কয়লা জব্দ

আপলোড সময় : ০১-১১-২০২৬ , আপডেট সময় : ০১-১১-২০২৬

ভারতীয় মদ, গরু, কয়লাসহ ১ কোটি ১৩ লাখ ৬৩ হাজার ২১৬ টাকার চোরাচালানি মালামাল অক্টোবর মাসে সীমান্ত এলাকা থেকে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। অবৈধভাবে সীমান্ত পার হওয়ার অপরাধে এ সময় এক মানব পাচারকারীসহ তিনজনকে আটকও করা হয়েছে।

আজ সকালে তথ্যটি নিশ্চিত করেন নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদ বারী, পিএসসি।

এর আগে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নেত্রকোণা ব্যাটালিয়নের অধীন বিওপিগুলো সীমান্ত এলাকায় মোট ১৪২টি অভিযান চালায়। এসব অভিযানে জব্দ পণ্যের তালিকায় রয়েছে ৪৫৭ বোতল ভারতীয় মদ, ২৬টি ভারতীয় গরু, ৫৩৩টি কম্বল, ১৮১৮৮৮.৫ কেজি ভারতীয় কয়লা, ১১,৯০০টি বাঁশ, ৯,১০২টি কসমেটিকস, ১,২১৯ কেজি চিনি, ২,০৯৬ কেজি বাংলাদেশি রসুন, ২৬৭ কেজি বাংলাদেশি মাছ, ৬০ কেজি লেবু, ১৬ পিস কোদাল, ১১৩ কেজি ফুচকা, ৬৯ প্যাকেট শনপাপড়ি, ১৭৮ প্যাকেট চকলেট, ৭০০ কেজি টমেটো, ৩৪ প্যাকেট বিস্কুট, ২৯ কেজি জিরা, ৩৮০ পাতা বিভিন্ন প্রকার ওষুধ, একটি প্লাটিনা মোটরসাইকেল ও একটি ঠেলাগাড়ি।

সব মিলিয়ে জব্দ মালামালের সিজার মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ১৩ লাখ ৬৩ হাজার ২১৬ টাকা। উদ্ধার হওয়া মদ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আর বাকি চোরাচালানি পণ্য জেলা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।

অবৈধ সীমান্ত পারাপারের দায়ে আটক একজন মানব পাচারকারী ও দুজন বাংলাদেশি নাগরিককে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ১০ অক্টোবর দুর্গাপুর থানায় একটি মামলাও দায়ের হয়েছে।

অধিনায়ক লে. কর্নেল তৌহিদ বারী জানান, সীমান্তে চোরাচালান ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি টহলও জোরদার করা হয়েছে; বিজিবির এমন নিয়মিত অভিযান চলতেই থাকবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :